ইসরাইলি সৈন্যকে থাপ্পড় মেরে আলোচনায় আসা কিশোরী আহেদ তামিমির (১৭) জামিন আবেদন খারিজ করে দিয়েছে দেশটির মিলিটারি কোর্ট। পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনার গালে সপাটে থাপ্পড় মারার সেই ভিডিও দুনিয়াব্যাপী ভাইরাল হয়ে যায়।
ওই কিশোরীর কাজিন নূর তামিমিকে (২১) প্রতি শুক্রবার থানায় উপস্থিত হওয়ার শর্তে জামিন দেয় আদালত। যার বিরুদ্ধে ওই থাপ্পড় মারার দৃশ্য ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়। নূর ফিলিস্তিনের আল-কুদস বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করছেন।
গত ১৫ ডিসেম্বর পশ্বিম তীরের নবী সালেহ গ্রামে তামিমির বাড়ির সামনে এই থাপ্পড় কাণ্ড ঘটে। পরবর্তীতে এই ভিডিও ছড়িয়ে পড়লে আহেদ তামিমি, তার কাজিন নূর ও আহেদের মাকে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।
শুক্রবার নূরের বাবা নজম তামিমি বলেন, তার মেয়ের পক্ষে করা জামিন আবেদনের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল খারিজ করে দেয় সামরিক আপদালত। তাকে ৫ হাজার শেকেল (ইসরাইলি মুদ্রা) বন্ড ও প্রতি সপ্তাহে ইসরাইলের থানায় হাজির হওয়ার শর্তে জামিন দেয়া হয়েছে। নূরের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১২ ফেব্রুয়ারি দিন রাখা হয়েছে।
আহেদ তামিমি ও তার মা নরিম্যানকে কারাগারে পাঠায় সামরিক আদালত। এই কিশোরীর বিরুদ্ধে ১২টি এবং তার মায়ের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে এ মামলায় পরবর্তী শুনানি হবে ৮ জানুয়ারি। আহেদের বাবা বাসেম তামিমি বলেন, নূর সৈন্যদের বাড়ির সামনে থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেছিল। তার ১৫ বছর বয়সী কাজিন মোহাম্মদ সেনাদের রাবার বুলেটে আহত হয়ে ৭২ ঘণ্টা কোমায় ছিলেন। তাতেই ক্ষুব্ধ হয়ে তারা সৈন্যদের সঙ্গে বিতণ্ডায় জড়ায়।
ইত্তেফাক/কেআই
