কুলভূষণ ‌'র' এজেন্ট বলে ভারতীয় গণমাধ্যমের খবর পরে প্রত্যাহার!

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:৫০
কুলভূষণ যাদবকে ভারতীয় গোয়েন্দা সংস্থার গবেষণা ও বিশ্লেষণ বিভাগের (র) এজেন্ট হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে দেশটির একটি গণমাধ্যম থেকে। খবর পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন নিউজের। সেখানে উল্লেখ করা হয়েছে, কুলভূষণের ব্যাপারে মতামত লিখেছিলেন টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক চন্দন নন্দী।
 
চন্দন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে ইতিহাসের ওপর স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। তবে তার লেখায় তথ্যগত কিছু সমস্যার কথা উল্লেখ করে ওই গণমাধ্যম থেকে লেখাটি সরিয়ে নেওয়া হয়।
 
চন্দন নন্দী লেখেন, 'র' এর দু'জন সাবেক প্রধান পাকিস্তানে যাওয়ার পর তাদের জুতা খুলে রাখতে হয়েছিল। তার পরেই বিষয়টি আলোচনায় আসে। ওই দু'জন ব্যক্তি গত ১৫ বছরে বিভিন্ন সময়ে সংস্থার প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।
 
ওই প্রতিবেদন অনুসারে, কুলভূষণ ছিলেন 'র' এর এজেন্ট। এ ব্যাপারে নিজের টুইটারে একটি পোস্টও দিয়েছিলেন নন্দী। শুক্রবার দেওয়া পোস্টে নন্দী লেখেন, এটা লজ্জার ব্যাপার।
 
 
 
ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টিকে ক্ষতিকর সাংবাদিকতা বলে আখ্যা দেওয়া হয়। এছাড়া শত্রু জাতির কাছে দেশ বিক্রি করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। বলা হয় এটা ভুল সিদ্ধান্ত।
 
প্রসঙ্গত, নৌবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কুলভূষণ যাদব। গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে আটক হয়ে কারাভোগ করছেন তিনি। ২০১৬ সালের ৩ মার্চ সেনাবাহিনীর হাতে আটক হন তিনি। বেলুচিস্তানে আটক যাদবকে ২০১৭ সালে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে পাকিস্তানের আদালত। সেনাবাহিনীর আদালতে তার করা আপিলও খারিজ হয়ে গেছে। ডন।
 
ইত্তেফাক / রেজা