হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অর্লান্ডো হার্নান্দেজ পুনরায় নির্বাচিত হওয়ায় শনিবার হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা হার্নান্দেজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নভেম্বরের নির্বাচনে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানায়। খবর এএফপি’র।
বিরোধীদলীয় জোটের সমর্থকরা হন্ডুরাসের দ্বিতীয় বৃহত্তম নগরী সান পেদ্রো সুলারের বিভিন্ন সড়কে মিছিল করে। এসময় তারা সালভাদর নাসরাল্লাহকে বিজয়ী ঘোষণা করে এমাসেই প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ নেয়ার আহ্বান জানান। হার্নান্দেজ সম্পর্কে সাবেক টিভি উপস্থাপক নাসরাল্লাহ বলেন, ‘দেশের জনগণ এই প্রতারণা মেনে নেবে না, যাতে করে স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে না পারে।’
মিছিলকারীরা ৪৯ বছর বয়সী হার্নান্দেজের পদত্যাগের দাবিতে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা ‘কারচুপির নির্বাচন করে টিকে থাকা যাবে না’, ‘আর কোনো রাজনৈতিক হত্যা নয়’ এবং ‘রাজবন্দীদের মুক্তি দাও’সহ বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার নেড়ে তাদের ক্ষোভ প্রকাশ করে। মিছিলকারীরা হার্নান্দেজের সংবর্ধনা বয়কট ও সড়ক অবরোধসহ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
