যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যদের সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নামে এই সংগঠনের ১১ সদস্যের নতুন কমিটির প্রেসিডেন্ট হয়েছেন লেফটেন্যান্ট সুজাত খান এবং পুনরায় জেনারেল সেক্রেটারি হয়েছেন অফিসার হুমায়ূন কবীর।
৭ জানুয়ারি রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের গোল্ডেন টেরেসে অভিষেক ও ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের শতাধিক সদস্য সপরিবারে এই অনুষ্ঠানে যোগ দেন। বাপা'র নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট তারেকুর চৌধুরী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক এনফার্সমেন্ট এজেন্ট আব্দুল জলিল, ট্রেজারার সার্জেন্ট মো. রহমান, কো-ট্রেজারার অফিসার সাখাওয়াত হাফিজ, ইভেন্ট কোঅর্ডিনেটর অফিসার ফুয়াদ হোসেন, মিডিয়া লিয়াঁজো ডিটেকটিভ জামিল সারোয়ার জনি, কমিউনিটি লিয়াঁজো অফিসার শেথ আহমেদ এবং করেসপন্ডিং সেক্রেটারি ম্যানেজার মোহাম্মদ রহমান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সার্জেন্ট সুমন সাঈদ, বিদায়ী প্রেসিডেন্ট লেফটেন্যান্ট শামসুল হক এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সুজাত খান শুভেচ্ছা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জেনারেল সেক্রেটারি অফিসার হুমায়ূন কবীর। তারা বাপা'কে শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইত্তেফাক/জামান
