ব্রেইটবার্টের শীর্ষপদ ছাড়ছেন ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যানন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৯:৪৮
হোয়াইট হাউজের সাবেক স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন কট্টর ডানপন্থী সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ এজেন্সির শীর্ষপদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সংবাদ সংস্থাটি একথা জানিয়েছে। খবর এএফপি’র।
 
গত সপ্তাহে প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ বইটিতে ডোনাল্ড ট্রাম্প ও ট্রাম্প জুনিয়রকে নিয়ে মন্তব্যের কারণেই তিনি পদত্যাগ করছেন বলে পর্যবেক্ষকদের ধারণা। বইটিতে ৬৪ বছর বয়সী ব্যানন ট্রাম্পকে অসংযত, বিভ্রান্ত ও অস্থির বলে আখ্যায়িত করেন। ব্যাননের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউস। ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্টের চাকরি হারানোর পর ব্যাননের মাথা আর ঠিক নেই। 
 
ব্রাইটবার্টের সিইও ল্যারি সোলোভ এক বিবৃতিতে বলেন, ‘স্টিভ আমাদের এই সংস্থার একজন অত্যন্ত মূল্যবান সম্পদ। তার অবদানের জন্য আমরা তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।’ ব্যানন বলেন, ‘তিনি তার সহকর্মীদের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত গর্বিত। তার দলটি অল্প সময়ের মধ্যে একটি বিশ্বমানের সংবাদ প্লাটফর্ম তৈরি করেছে।’ এদিকে গত সপ্তাহে ব্রেইটবার্ট নিউজ এজেন্সির অন্যতম পৃষ্ঠপোষক রেবেকা মার্সার ট্রাম্পের পক্ষ নিয়ে ব্যাননের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু