পর্তুগালের দ্বিতীয় রাজধানী পোর্তোয় প্রদর্শিত হবে বাংলাদেশি চলচ্চিত্র 'ঢাকা অ্যাটাক'। আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। সেখানে প্রদর্শিত হবে এই চলচ্চিত্রটি।
পোর্তো শহরের প্রখ্যাত সা দি বান্দেইরা থিয়েটারে সন্ধ্যা ওইদিন ৭টা ৪৫ মিনিটে শুরু হবে অভিষেক অনুষ্ঠানের কার্যক্রম। ওই অনুষ্ঠানে পোর্তোয় প্রথমবারের মত প্রদর্শিত হবে বাংলাদেশি চলচ্চিত্র 'ঢাকা অ্যাটাক' যেটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। পোর্তো সিটি কর্পোরেশনের মালিকানাধীন প্রখ্যাত থিয়েটার সা দি বান্দেইরা'তে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। পুরো দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ঢাকা অ্যাটাক চলচ্চিত্রটি সারা বিশ্বের প্রায় ৩২টি শহরে প্রদর্শিত হয়েছে।
এর আগে পোর্তোয় ৪৬তম বিজয় দিবস উৎযাপনের দিনে ঘোষণা করা হয়েছিলো বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর (২০১৮-২০১৯) দুবছর মেয়াদি নতুন কমিটি। এতে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহ আলম কাজল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আব্দুল আলিম। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোহাব্বত আলম টিপু সহ মোট ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিলো। এছাড়াও কমিউনিটির প্রধান উপদেষ্টা হিসেবে স্বপদে বহাল আছেন মোশাররফ হোসেন কিরণ।
ইত্তেফাক/জামান
