স্পেনিশ ল্যাংগুয়েজ এন্ড কালচার বিষয়ক ইন্ডিটেক্স চেয়ারের প্রধান অধ্যাপক মারিয়া জোসে মার্টিনেজের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট স্পেনের একটি প্রতিনিধিদল আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক আম্পারা পোর্টা রিভাস, অধ্যাপক মারিয়া ক্যামানো এবং অধ্যাপক এ্যানা ডি তারিও।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত স্পেনিশ ল্যাংগুয়েজ কোর্স উন্নয়নে প্রতিনিধিদলের সহযোগিতা চান। প্রতিনিধিদলের সদস্যরা এ বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার আধুনিক ভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠেয় স্পেনিস ভাষার ইতিহাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণের জন্য প্রতিনিধিদলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।
ইত্তেফাক/এমআই
