রোহিঙ্গা সংকট নিয়ে ওআইসি সদস্যদের সহযোগিতার প্রশংসা বাংলাদেশের

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২১:৩০
ওআইসি সদস্য দেশগুলোর দিল্লী ভিত্তিক কূটনীতিকদের জন্য বুধবার ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী হাইকমিশনের মৈত্রী হলে এক নৈশভোজের আয়োজন করা হয়। রাইসিনা সংলাপে অংশ নিতে ভারত সফরে আসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর ভার বহনে বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী ওআইসিভুক্ত দেশগুলোর ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ বর্তমানে মিয়ানমার থেকে ভেসে আসা ১০ লাখ মানুষের আশ্রয়ের ব্যবস্থা করেছে, যাদেরকে জোরপূর্বক দেশটি থেকে বিতাড়িত করা হয়েছে।
 
ত্রাণ সহায়তা নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ওআইসি দেশগুলোকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই আশা ব্যক্ত করেন যে, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে ওআইসিসহ অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের উপর তাদের চাপ অব্যাহত রাখবেন। 
 
নৈশভোজে আরো বক্তব্য দেন হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী, সচিব (কনস্যুলার) কামরুল আহসানসহ আরো অনেকে।
 
ইত্তেফাক/ রেজা