ইলেকট্রনিক্স পণ্যে রকমারি ছাড়

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ০১:০৭

নতুন প্রযুক্তির ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে বাণিজ্য মেলায় হাজির হয়েছে নামিদামি বেশ কয়েকটি  ব্র্যান্ড। এসব পণ্যের দেশি ব্র্যান্ডের মধ্যে আছে ওয়ালটন, ভিশন, মিনিস্টার। অন্যদিকে বিদেশি ব্র্যান্ড সনি, এলজি, শার্প ও স্যামসাং তো আছেই।

সব ব্র্যান্ড উন্নত প্রযুক্তির লেটেস্ট মডেলগুলো নিয়ে এসেছে। ক্রেতা আকৃষ্ট করতে এসব পণ্য বিক্রি করা হচ্ছে মূল্যছাড়ে। অন্যদিকে কোনে কোনো প্রতিষ্ঠান মূল্যছাড়ের সঙ্গে রেখেছে নানা অফার ও উপহারের ব্যবস্থা। সর্বাধুনিক প্রযুক্তির নানা ফিচারের টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, সাউন্ড সিস্টেম, ক্যামেরা, ইস্ত্রিসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রীও এক সঙ্গে পাওয়া যাচ্ছে বাণিজ্য মেলায়।

এবার ৬০টিরও বেশি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়ান্সেস প্রদর্শন এবং বিক্রি হচ্ছে ওয়ালটন প্যাভিলিয়নে। মেলা উপলক্ষে পণ্যভেদে ৮ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে টিভি, ফ্রিজসহ অন্যান্য ভারী পণ্যে বিনামূল্যে ক্রেতাদের ঘরে পৌঁছে দেওয়ার সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বিক্রেতারা জানান, এবারের মেলায় তাদের রয়েছে সাত শতাধিক বৈচিত্র্যময় মডেল। মেলায় প্রতিষ্ঠানটির নতুন আকর্ষণ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস। নতুন মডেলের পাশাপাশি ওয়ালটন প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন পণ্যের আপকামিং মডেল।

এদিকে মেলায় সনি র্যাংগসের প্যাভিলিয়নে রয়েছে ৬৫ ইঞ্চি ওএলইডি টিভি। ছাড় দিয়ে বিক্রি হচ্ছে ৯ লাখ ১৯ হাজার ৯০০ টাকায়। সিঙ্গেল প্যানেলের ব্ল্যাক মাস্টার এ টিভির সঙ্গে লাখ টাকা দামের হোম থিয়েটার ফ্রি দেওয়া হচ্ছে। থাকছে নানা উপহার। তবে প্রতিষ্ঠানটির সর্বনিম্ন ৭ হাজার ৫০০ টাকা দামের টিভিও আছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি নতুন মডেলের ক্যামেরা, মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ফিলিপসের হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে। সাউন্ড সিস্টেম, এক্সেসরিজ, ভার্চুয়াল গেম, পোর্টেবল মিউজিক পদ্ধতি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্য তো থাকছেই। র্যাংগস ইলেকট্রনিক্সের বিক্রয় কর্মকর্তা মেজবাহ-উল-আলম জানান, টিভি ক্রেতারা গিফট কার্ডে পাবেন ভুটানে ভ্রমণের সুযোগ।

এবারের মেলায় স্যামসাং প্রথমবারের মতো নিয়ে এসেছে বড় এবং দামি ফ্রিজ। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্যাভিলিয়নে রেফ্রিজারেটর, টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার ও মোবাইল ডিভাইসের পসরা সাজিয়েছে। প্রতিষ্ঠানটির আকর্ষণীয় অফারের মধ্যে রয়েছে কনজ্যুমার ইলেকট্রনিক্সের সঙ্গে ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের স্মল অ্যাপ্লায়েন্সেস, টিভির সঙ্গে ফ্রি পাচ্ছেন স্যামসাং হোম থিয়েটার, টোস্টার, রাইস কুকার, জ্যুসার অথবা আয়রন। আবার রেফ্রিজারেটরের সঙ্গে দেওয়া হচ্ছে টিভি, গ্রিল স্যানডুইচ মেকার, রাইস কুকার অথবা ব্লেন্ডার। মাইক্রোওয়েভ ওভেনে ফ্রি দেয়া হচ্ছে টোস্টার, স্যামসাং এসির সঙ্গে ফ্রি রাইস কুকার এবং স্যামসাং ওয়াশিং মেশিনে ফ্রি স্টিম আয়রন। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে বিভিন্ন মডেলের টিভিতে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও উপহারসামগ্রী।

১৪ হাজার ৩৭৫ টাকা থেকে ১৩ লাখ ৯৯ হাজার টাকার মধ্যে টিভি পাওয়া যাচ্ছে এলজির প্যাভিলিয়নে। প্রতিষ্ঠানটির ওয়াল পেপার নামে পরিচিত পাঁচ মিলি মিটার পুরু সিগনেচার টিভি নিয়ে এসেছে। এটার দামই সবচেয়ে বেশি। এ ছাড়া বিদ্যুত্ সাশ্রয়ী ওয়াশিং মেশিনও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। মেলায় এলজি ও ইকোপ্লাস পণ্য কিনলে অফারের আওতায় ৫০০ টাকা থেকে শতভাগ ছাড় দেয়া হচ্ছে বলে জানান বিক্রেতারা।  অন্যদিকে শার্প ব্র্যান্ডের ৩ লাখ ২৫ হাজার টাকা দামের ফ্রিজ, ২৬ হাজার থেকে ৫ লাখ টাকার মধ্যে টিভি বিক্রি হচ্ছে বাণিজ্য মেলায়।

ইত্তেফাক/নূহু