ভারতের সুরাটে দক্ষিণ গুজরাত চেম্বার ও কমার্সের উদ্যোগে পাচঁদিন ব্যাপী আন্তর্জাতিক মেগা শিল্প প্রদর্শনীতে মুম্বাই বাংলাদেশ উপ হাইকমিশন প্রথমবারের মত অংশগ্রহণ করে। মুম্বাইয়ের বাইরে কোনো আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে এটাই উপ-হাইকমিশনের প্রথম অংশ গ্রহণ।
প্রতি দুবছর পরপর অনুষ্ঠিত এ প্রদর্শনীতে অংশ গ্রহণের মাধ্যমে আগত অতিথিদের মধ্যে বাংলাদেশ ও বাংলাদেশী পণ্য তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। এ অনুষ্ঠানে প্রায় ২৫০টি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। ১৮-২২ জানুয়ারি পাচঁ দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক মেগা শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গুজরাত প্রাদেশিক সরকারের মূখ্যমন্ত্রী বিজয় রূপানী ১৭ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় রূপানী বাংলাদেশে রফতানি বাণিজ্য বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উন্নতির ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম ‘গেস্ট অব অনার’ মুম্বাই-এ বাংলাদেশের উপ-হাইকমিশনার মোহাম্মদ লুৎফর রহমান ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার বিষয়টি তুলে ধরেন। এ সময়ে উপ-হাইকমিশনের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা এবং দ্রুতম ভিসা ইস্যুর বিষয়টি অবহিত করেন।
