পাকিস্তানের কসুরে জয়নব আনসারী নামের ছয় বছরের কন্যা শিশুকে ধর্ষণ ও হত্যায় জড়িত সন্দেহভাজনকে গ্রেফতারের দাবি করছে পুলিশ। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে হত্যাকারী হিসেবে ২৪ বছর বয়সী এক ব্যক্তির নাম ঘোষণা করেন।
ঐ যুবককে সিরিয়াল কিলার হিসেবে উল্লেখ করা হচ্ছে। পাকিস্তানের পুলিশ বলছে তারা ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনার সঙ্গে মিল খুঁজে পাওয়ার পরই তার উপর ভিত্তি করে ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছেন। প্রায় বারোশো মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন ইমরান আলি নামে গ্রেফতারকৃত ঐ যুবক ইতিমধ্যেই হত্যার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন। জানুয়ারির শুরুর দিকের এই ঘটনার পর থেকেই হত্যাকারীকে ধরার ব্যাপারে ভীষণ চাপে ছিল পাঞ্জাবের পুলিশ। গত দুই বছরে অন্তত বারোটি একই ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একই এলাকায়। এর আগে জানা গেছে, এর মধ্যে ৬টি নিহত মেয়ের দেহে একই ব্যক্তির ডিএনএ পেয়েছেন তদন্তকারীরা। বিবিসি।
ইত্তেফাক/সেতু
