মালিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মালিতে একটি বেসামরিক বাসে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলাকে ‘বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা’ হিসেবে উল্লেখ করে শুক্রবার এর কঠোর নিন্দা জানিয়েছে। ওই ঘটনায় মালি ও পার্শ্ববর্তী বুরকিনা ফাসোর ২৬ নাগরিক নিহত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। 
 
বৃহস্পতিবার মালির মধ্যাঞ্চলে বোনির কাছে বাসটি একটি স্থলমাইনের ওপর দিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। বাসটি বুরকিনা ফাসোর সীমান্ত অতিক্রম করে মালিতে প্রবেশ করেছিল। হতাহতদের মধ্যে অনেকেই বুরকিনা ফাসোর নাগরিক। এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ও শোক প্রকাশ করেছে।
 
নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মালির সঙ্গে সংহতি প্রকাশ এবং সহিংস সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু