যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের হামলায় আহত মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৬
 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত মুক্তিযোদ্ধা মো. শাহ আলম (৭২) মারা গেছেন। প্রায় চার মাস আহত হয়ে অচেতন অবস্থায় তিনি নিউইয়র্ক সিটির সেন্ট জোনস এপিসকোপাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
গতকাল বুধবার সন্ধ্যায় জ্যামাইকা মুসলিম সেন্টারে মুক্তিযোদ্ধা শাহ আলমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান মুক্তিযোদ্ধা শাহ আলমের কফিনে বাংলাদেশের জাতীয় পতাকা মুড়িয়ে দিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
 
IMG0
 
মুক্তিযোদ্ধা শাহ আলমের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নজিবপুররে। সেখানেই তাকে দাফন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রয়াত এই মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় খরচে বুধবার রাতেই বাংলাদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কনসাল জেনারেল শামীম আহসান। জানাযা শেষে কফিনে স্যালুট জানিয়ে মুক্তিযোদ্ধা শাহ আলমকে শেষ শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সহ-সভাপতি আবুল বাশার চুন্নু, সেক্রেটারি রেজাউল বারী, নির্বাহী সদস্য লাবলু আনসার, মনির হোসেন ও ডা. আবুল বাতেন।
 
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যামাইকার বাসায় ফেরার সময় গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই দুর্বৃত্ত মুক্তিযোদ্ধা শাহ আলমের সেলফোন ছিনতাই করে। এসময় বাধা দিলে শাহ আলমকে আঘাত করে দুর্বৃত্তরা। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেলে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে তাকে প্রথমে জ্যামাইকা হাসপাতালে এবং পরে এলমহার্স্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় জড়িত দুই দুর্বৃত্তকে শনাক্ত করে সপ্তাহখানেকের মধ্যেই গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা হলো- শাইকুয়াল কিম্বেল ও জলিল স্টিলি। উভয়কেই জামিনহীন আটকাদেশ দিয়ে জেলে রাখা হয়েছে। এ ঘটনায় আটক দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের হয়েছে কুইন্স ক্রিমিনাল কোর্টে।
 
ইত্তেফাক/এসএস