স্পিকারের সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৩
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগ (ডেসা)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল জেনমিন লিউ'র সাথে বৈঠক করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকের শুরুতে ডেসার আন্ডার সেক্রেটারি জেনারেল স্পিকারকে ধন্যবাদ জানান। তিনি আর্থ-সামাজিক খাতে বাংলাদেশ সরকার গৃহীত ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তার ভূয়সী প্রশংসা করেন। স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের প্রক্রিয়ায় আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহ এবং এই অঞ্চলের মধ্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।'
 
শিরীন শারমিন আন্ডার সেক্রেটারি জেনারেলকে দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা, কৃষি উৎপাদনশীলতা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য-পুষ্টি-সেবা, গড় আয়ু বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের সাফল্যের তথ্য তুলে ধরেন। বয়স্ক জনসংখ্যার কল্যাণে বাংলাদেশ যে সকল নীতি ও কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সে বিষয়েও তিনি আলোকপাত করেন। তিনি আর্থ-সামাজিক উন্নয়ন, এসডিজি বাস্তবায়ন ও এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় ডেসার সহযোগিতা কামনা করেন।
 
রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করে স্পিকার এ সমস্যা সমাধানে আন্ডার সেক্রেটারি জেনারেলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা প্রত্যাশা করেন। আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, 'রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘ মহাসচিবের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডার একটি। তিনি রোহিঙ্গা ইস্যুর মানবিক ও রাজনৈতিক সমাধানে জাতিসংঘের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।' বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
 
ইত্তেফাক/এসএস