কুবিতে এক প্রভোস্ট ও ছয় ডিন নিয়োগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪১
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি আবাসিক হলে প্রভোস্ট এবং ছয়টি অনুষদের নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২ (৬) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নির্দেশক্রমে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রভোস্ট এবং ডিনদের নিয়োগ দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।
 
 
এতে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট নিয়োগ পেয়েছেন নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এনএম রবিউল আউয়াল চৌধুরী। সেই সাথে ছয়টি অনুষদের ডিনদেরও নিয়োগ দেয়া হয়।
 
রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. একেএম রায়হান উদ্দিনকে বিজ্ঞান অনুষদ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামালকে সমাজবিজ্ঞান অনুষদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামানকে কলা ও মানবিক অনুষদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে বিজনেস স্টাডিস অনুষদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারকে প্রকৌশল অনুষদ এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দকে আইন অনুষদের ডিন নিয়োগ দেয়া হয়েছে। 
 
উল্লেখ্য, বিজ্ঞান অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদের ডিনরা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এবং অন্যরা নিয়োগের দিন থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
 
ইত্তেফাক/আরকেজি