বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশেই একটা উত্তেজনা চলছে। তার ঢেউ এসে লেগেছিল বইমেলাতেও। বইমেলা নতুন বইয়ের আলোকচ্ছটায় উজ্জ্বল হয়ে উঠলেও ৮ ফেব্রুয়ারির রাজনৈতিক অস্থিরতার জন্য ছিল ম্রিয়মান। বিকাল থেকে বেশিরভাগ স্টল ছিল ক্রেতাশূন্য। তবে সন্ধ্যার দিকে তরুণ-তরুণীদের আনাগোনায় খানিকটা লোক সমাগম হয়েছিল মেলায়।
কাকলী প্রকাশনীর প্রকাশক এ কে নাছির আহমেদ সেলিম বললেন, মেলা ফাঁকা ফাঁকা। মনে হচ্ছে, ৮ ফ্রেব্রুয়ারির উত্তেজনার কারণেই মানুষের আনাগোনা কম হয়েছে। অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা বললেন, বিক্রি কম হচ্ছে। স্টলগুলোতে মানুষের তেমন ভিড় নেই। তবে তাম্রলিপির প্রকাশক এ কে তরিকুল ইসলাম রনি বললেন, ছুটির দিনের মত বিক্রি বা মানুষের উপস্থিতি তো অন্য দিনগুলোতে হবে না। এসব রাজনৈতিক অস্থিরতার প্রভাব মেলায় তেমন পড়ে না।
পাঠকের উপস্থিতি কম হোক, বই প্রকাশ কিন্তু থেমে নেই। গতকাল মেলায় নতুন বই এসেছে ১৯০টি এবং প্রথম সপ্তাহে নতুন বই এসেছে মোট ৭২৯টি।
তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মেলায় এসেছে প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বই ‘চ্যারিয়ট অফ লাইফ’। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা ইতিহাসের সাক্ষী হিসাবে রয়েছেন, প্রকৃত ঘটনাবলি প্রত্যক্ষ করেছেন - তাঁরা তাঁদের অভিজ্ঞতাগুলি আরও বেশি বেশি লিখে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে পারেন।’ বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা শ্রাবণ। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা ও এক-এগারোর সেনা সমর্থিত সরকারের সময়ের কারাবাসের স্মৃতি নিয়ে এ গ্রন্থটি তিনি লিখেছেন।
এসেছে আনিসুল হকের ‘আলো-আঁধারের যাত্রী’
প্রথমা প্রকাশনী থেকে মেলায় এসেছে আনিসুল হকের ইতিহাস আশ্রিত ধারাবাহিক উপন্যাসের তৃতীয় পর্ব ‘আলো-আঁধারের যাত্রী’। এই পর্বে ১৯৫৭ সাল থেকে ১৯৬৬ সাল এই দশ বছরের ইতিহাসকে উপন্যাসে তুলে এনেছেন লেখক। বাংলাদেশের রাজনীতির তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক লড়াইয়ের এক উত্তাল সময় উঠে এসেছে এ পর্বে। এর আগের দুটি পর্ব ছিল ‘যারা ভোর এনেছিল’ ও ‘ঊষার দুয়ারে’।
প্রত্যেকের জীবনেই গল্প থাকে : গুলতেকিন খান
গুলতেকিন খান এবার প্রথমবারের মতো লিখেছেন উপন্যাস। নাম ‘চৌকাঠ’, প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশনী। গতকাল মেলায় এসেছিলেন গুলতেকিন খান। বললেন, আমাদের প্রত্যেকের জীবনেই অন্তত একটি গল্প আছে, গল্পগুলো যুক্তিতর্ক বা নিয়মকানুনের খুব একটা ধার তারা ধারে না। যে দৃশ্যমান চৌকাঠগুলো আমাদের চারপাশে নিরন্তর পাহারা দিতে থাকে, তাদের ছাড়িয়েও আমাদের অনেক সীমানা থাকে। প্রেম আর অপ্রেমের মাঝখানে জেগে থাকে নিরানন্দ এক পথ। এসব নিয়েই একটুখানি লেখার চেষ্টা।
আরো নতুন বই
গতকাল প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হলো, অবসর এনেছে হুমায়ূন আহমেদের ‘সেরা সাত ভৌতিক উপন্যাস’, একই প্রকাশনী থেকে এসেছে বেগম আকতার কামালের ‘নজরুল দৃষ্টি ও সৃষ্টি’, শিকড় এনেছে আহসান হাবীবের ‘শ্রডিঙ্গারের জেব্রা’, আগামী এনেছে নাসরীন জাহারের ‘সেরা গল্প’, অনিন্দ্যপ্রকাশ এনেছে আহমদ রফিকের ‘সংস্কৃতি কথা যুক্তিবাদ মুক্তচিন্তা’, দ্বিজেন শর্মার ‘নিসর্গ কথা’, রোদেলা এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘ভূতের নয় ভবিষ্যতের’, জোনাকী এনেছে খিলখিল কাজীর ‘কাজী নজরুল ইসলামের পঞ্চকাব্য’ প্রভৃতি।
মেলামঞ্চে অনুষ্ঠান
বইমেলায় গতকালের আলোচনা অনুষ্ঠিত হয় কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরীকে নিয়ে। প্রবন্ধ উপস্থাপন করেন শুভেন্দু ইমাম। আলোচনায় অংশগ্রহণ করেন আলী মোস্তাফা চৌধুরী, জফির সেতু ও মোস্তাক আহমাদ দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রথীন্দ্রনাথ রায়, কান্তা নন্দী, মো. নূরুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/নূহু
