মেয়েদের জন্মই বন্ধ করে দেব, হুমকি খাপের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪২
প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের বিয়েতে নাক গলানোর অধিকার কারও নেই এমন রায় দেয়ার দুদিন পর ভারতের সর্বোচ্চ আদালতকেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন খাপের নেতারা। তারা বলেন, সমাজে দীর্ঘদিন থেকে চলা ঐতিহ্যে কোর্টের হস্তক্ষেপ তারা মানবেন না। আর যদি কেউ এ ব্যাপারে মাথা ঘামাতে চায়, তা হলে মেয়েদের জন্ম দেয়াই বন্ধ করে দেবেন। 
 
পরিবারের সম্মান রক্ষার নামে নবদম্পতিদের খুনের একের পর এক ঘটনায় খাপ পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খাপকে নিষিদ্ধ করার আর্জি নিয়ে মামলা হয়েছে ভারতের সর্বোচ্চ আদালতে। সেই মামলাতেই প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ জানিয়ে দেন, প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে ব্যক্তি কিংবা সমাজ হস্তক্ষেপ করতে পারে না। 
 
এর পরেই পাল্টা হুমকি দেন খাপ নেতারা। বালন খাপের প্রধান নরেশ টিকায়েতের মন্তব্য, ‘সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের সমাজে যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্যের উপরে কেউ হস্তক্ষেপ করতে চাইলে তা মেনে নেয়া হবে না। আদালত যদি এই ধরনের রায় দেয়, তা হলে আমরা মেয়েদের জন্ম দেয়াই বন্ধ করে দেব। অথবা, তাদের এতটা লেখাপড়া শেখাব না, যাতে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে।’ 
 
মালিক খাপের প্রধান রাজবীর সিংহ মালিকের মন্তব্য, ‘বড় বড় শহরে আধুনিকতার যে কুৎসিত প্রকাশ, সম্ভবত তাতেই প্রভাবিত হয়ে নিজেদের অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তাদের বোঝা উচিৎ গ্রামের জীবন আলাদা। ঐতিহ্যকেই মেনে চলতে হবে আমাদের। মেয়েদের পড়ানোর জন্য অনেক টাকা খরচ হয়। কিন্তু বড় হয়ে মেয়ে যদি অভিভাবকদের কিংবা সমাজকে অসম্মান করে, সেটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। আনন্দ বাজার
 
ইত্তেফাক/ইউবি