পরীক্ষার হলে কড়াকড়ি করায় ব্রাইট মডেল স্কুলের পরিচালক পিস্তলসহ তার একদল অনুসারীদের নিয়ে দুই হল পরিদর্শকের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। শনিবার বিকেলে ওই স্কুলের পরিচালক জাকারিয়া হিরো এই কাণ্ড ঘটান।
এর প্রতিবাদে রবিবার পুরো উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে হল পরিদর্শকের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে ওপর মহলের অনুরোধে দায়িত্ব পালন করেন তারা।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুলের পরীক্ষার্থীরা শনিবার একে অপরকে খাতা দেখিয়ে পরীক্ষা দিচ্ছিল। খাতা দেখানোর এই দৃশ্য চোখে পড়ে সহকারী কমিশনার (ভূমি) সিমা নাসরিনের। তিনি হল পরিদর্শক পরিবর্তন করে দেন। নতুন হল পরিদর্শক আব্দুল কাশেম ও সাইদুজ্জামান কড়াকড়িভাবে দায়িত্ব পালন করেন। এতে ব্রাইট মডেল স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়।
এ ঘটনায় ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো ক্ষীপ্ত হয়ে তার অনুসারীদের সাথে নিয়ে ওই দুই শিক্ষকের বাড়িতে গিয়ে হাজির হন। পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে বলে আসেন, আগামীকাল পরীক্ষা কেন্দ্রে না যেতে।
এ ঘটনা ছড়িয়ে পড়লে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা হল পরিদর্শকের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান। পরে দায়িত্ব পালন করলেও হিরোর বিচার দাবিতে রবিবার দুপুরে উপজিলো নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি দেন।
ইত্তেফাক/আরকেজি
