সদর উপজেলার হাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার ভাঙার অভিযোগ উঠেছে খোরশেদ আলম রিপন নামে যুবলীগ নেতার বিরুদ্ধে। রবিবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। এর আগে শহীদ মিনারটি নির্মাণে বাধা দিয়েছিলেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল ইসলাম বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে স্থানীয় সমাজসেবক মো. আলাউদ্দিনকে বিদ্যালয়ে একটি শহীদ মিনার তৈরি করে দেয়ার অনুরোধ জানিয়েছিলাম। আলাউদ্দিন বিভিন্নজনের সহায়তা নিয়ে স্কুলের জমিতে শহীদ মিনারটি তৈরি করে দেন। সোমবার সকালে স্কুলে এসে আমরা শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পাই।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাঁশদহা ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শহীদ মিনারটি নির্মাণকালে বাধা দিয়েছিলেন বিএনপির সাবেক নেতা বর্তমানে বাঁশদাহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন। এ নিয়ে ঝগড়াও হয়েছিল আলাউদ্দিনের সাথে। তবে যোগাযোগ করা হলে রিপন বলেন, এ অভিযোগ সত্য নয়।
ইত্তেফাক/আরকেজি
