পানি পিপাসায় মার্কিন বন্দীর মৃত্যু, ৩ কারা কর্মকর্তা অভিযুক্ত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৭
যুক্তরাষ্ট্রে পানির পিপাসায় মানসিক ভারসাম্যহীন এক বন্দি মারা যাওয়ায় তিন কারা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। বন্দির আইনজীবী জানান, ‘নির্যাতন’ সহ্য করতে না পেয়ে ওই বন্দি মারা যায়। মৃত্যুর আগে সে কারা কর্মকর্তাদের কাছে পানি চেয়েছিল। কিন্তু তৃষ্ণার্ত অবস্থায়ও তাকে পানি দেয়া হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। 
 
২০১৬ সালের এপ্রিল মাসে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এতে যুক্তরাষ্ট্রের কারাগারগুলোর অন্ধকার চিত্রই ফুটে উঠেছে। দেশটিতে কারারুদ্ধ হওয়ার হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। কারারুদ্ধদের সিংহভাগই কৃষ্ণাঙ্গ ও হিসপানিক আমেরিকান। উইসকনসিনের মিলওয়াউকির ওই কাউন্টি জেলখানার কর্তৃপক্ষ টেরিল থমাসের সেলের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাদের মতে সে অত্যন্ত হৈ চৈ চ্যাঁচামেচি করত। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এমনটা করা হয়।
 
পানির অভাবে থমাসের (৩৮) ওজন ৩৪ পাউন্ড কমে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সাত দিন পানির অভাবে থাকার পর মানসিক প্রতিবন্ধী ওই কৃষ্ণাঙ্গ বন্দি মারা যায়। একজনকে গুলি করে বুকে গুরুতর জখম এবং একটি ক্যাসিনোতে ঢুকে ফাঁকা গুলি ছোঁড়ার অপরাধে থমাসকে গ্রেফতার করা হয়। তার মৃত্যুর প্রায় দুই বছর পর সোমবার স্থানীয় শেরিফ ও ডিসট্রিক্ট প্রসিকিউটর ওই কারাগারের দুই নারী কর্মী ও এক পুরুষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু