রাবি শিক্ষককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৭
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসক কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
 
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। 
 
জানা যায়, ‘গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত ইন্টার্নি পিংকির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পিংকি তাকে অপমানজনক কথা বললে ওই শিক্ষক ননসেন্স বলে মন্তব্য করেন। একপর্যায়ে পিংকি ফোন করলে কামালসহ কয়েকজন ইন্টার্ন এসে শিক্ষক এনামুলকে মারধর করে। 
 
এ ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ নিয়ে প্রধান ফটকে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। এতে দুপাশের প্রায় তিন কিলোমিটার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 
 
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমাদের শিক্ষককে আমরা কখনোই এভাবে দেখতে চাই না। রাস্তায় কুপিয়ে শিক্ষককে মারা হবে, হাসপাতালে গেলে মারধর করা হবে এগুলো আমরা মেনে নিবো না। এ সময় শিক্ষার্থীরা জড়িতদের ছাত্রত্ব বাতিল ও মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 
 
প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘যে শিক্ষক আহত হয়েছে তিনি তোমাদের শিক্ষক এবং আমাদের সহকর্মী। আমাদেরও খারাপ লাগছে। আমরা এ জড়িতদের ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।’ 
 
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তারা শান্তিপূর্ণভবে আন্দোলন করছে। আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’
 
ইত্তেফাক/ইউবি