মাল্টায় সমবর্তী দায়িত্বে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন ১৯ ফেব্রুয়ারি মাল্টার রাজধানী ভেলেটায় সেদেশের পররাষ্ট্রমন্ত্রী কারমেলো আবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক অর্জন এবং আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রদূত মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী বিষয়ে বিস্তারিত অবহিত করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিসলের মতো সকল আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা শরণার্থী বিষয়ে বাংলাদেশকে সমর্থন দানের জন্য রাষ্ট্রদূত মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ বিষয়ে সমর্থন অব্যাহত রাখার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী আবেলাকে আহ্বান জানান।
মাল্টার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতকে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, মাল্টা সবসময় এ বিষয়ে বাংলাদেশের পাশে আছে। মন্ত্রী বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, নৌপরিবহন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে নিয়মিত বৈঠকের বিষয়েও আলাপ হয়। পররাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ে পারস্পরিক সফর বিনিময় নিয়েও কথাবার্তা হয়।
মাল্টায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের দুই দেশের উন্নয়নের অংশীদার হিসেবে উল্লেখ করে তাদের সার্বিক মঙ্গলের জন্য মাল্টা সরকারকে অনুরোধ করেন। মন্ত্রী এ বিষয়ে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশ দূতাবাস, এথেন্সের প্রথম সচিব সুজন দেবনাথ ও মাল্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
