বর্ণিল ও বহুমাত্রিক আবহের মধ্য দিয়ে তুরস্কের আংকারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহানশহীদ দিবস উদযাপিত হয়েছে। বুধবার প্রথম প্রহরে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে দূতাবাস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস ও ভাষা শহীদদের নিয়ে বিভিন্ন স্মৃতিচারনমূলক আলোচনা করা হয়। সভায় তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম.আল্লামা সিদ্দীকীসহ দুতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারীগণের উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বিকেলে আঙ্কারাস্থ তূর্কী জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে (মিল্লিককু তুফানে) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তুরস্কের সর্বোচ্চ বিদ্যাপীঠ আঙ্কারা ইউনিভার্সিটি, এশিয়া-প্যাসিফিক রিসার্স সেন্টার (আপাম) এর পরিচালক প্রফেসর ড. ম্যারথান ডুনদার উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে আংকারায় নিযুক্ত ২১টি দেশের রাষ্ট্রদূতসহ, কুটনীতিক, সামরিক উপদেষ্টা,তুরস্কের উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ রেজা
