সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৭
জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে ‘মহান শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপিত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।  
 
দুপুরে জেনেভাস্থ জাতিসংঘ অফিসের উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়। জেনেভাস্থ জাতিসংঘ অফিসের মহাপরিচালক মাইক মোলারের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্যে ভাষাগত বৈচিত্র্য রক্ষা ও বহুভাষিকতার প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন। এসময় তিনি জেনেভাস্থ জাতিসংঘ অফিস প্রাঙ্গণে ‘শহিদ মিনার’ নির্মাণের বিষয়টি পুনরায় উত্থাপন করেন।        
সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ, উন্মুক্ত আলোচনা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর নির্মিত একটি গান ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ভাষা শহিদদের পাশাপাশি বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সকল পর্যায়ে ঐতিহাসিক ভূমিকা পালনকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীগণ এবং প্রবাসী বাংলাদেশিরা এসকল অনুষ্ঠানে যোগ দেন।
 
ইত্তেফাক/সেতু