১৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চলাচল স্বাভাবিক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০০
 
শ্রীমঙ্গলে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে ১৬ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ১৫ ঘণ্টা উদ্ধার শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে সাতগাঁও স্টেশন ছেড়ে শ্রীমঙ্গলের উদ্যেশ্যে রওয়ানা দেয় দুর্ঘটনা কবলিত উপবন ট্রেনটি। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাফর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আখাউয়া থেকে রিলিফ ট্রেন ও কুলাউয়া থেকে হাড্রোলিক টোল বেন এসে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ সাড়ে ১৫ ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত ট্রেনের কোচগুলো লাইনে তুলতে সক্ষম হন তারা।
 
সাতগাঁও রেল স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা উপবন ট্রেনটি বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে আসে। রাত ১টার দিকে সাতগাঁও স্টেশনের আউট সিগন্যালটি অতিক্রম করার সময় ট্রেনের ১১টি কোচ লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
 
ট্রেনের পুলিং রড ভেঙে লাইনের পয়েন্ট অ্যান্ড ক্রসিং এর ব্লক ভেঙে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান।
 
জানা যায়, দুর্ঘটনা কবলিত উপবন ট্রেনে করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। দুর্ঘটনায় পরে তিনিসহ সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পরেন। তবে এ দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি।
 
শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আশেকুল হক বলেন, দুর্ঘটনার পরপর শ্রীমঙ্গল থানা পুলিশ অর্থ প্রতিমন্ত্রীকে একটি প্রাইভেটকারে ঢাকার পৌঁছে দেন। শ্রীমঙ্গল থানার ওসি অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের চারটি টিম মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি