প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয়ের দিক থেকে রেকর্ড গড়েছে লিভারপুল। নিজেদের মাঠ এ্যানফিল্ডে ৩০০তম ম্যাচ জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে এলিট ক্লাবে যোগ দিয়েছে অল রেডসরা।
শনিবার নিজেদের মাঠে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করে রেডসরা চতুর্থ ক্লাব হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে মোহাম্মদ সালাহ’র ৩২তম গোল লিভারপুলকে এগিয়ে দেয়। এরপর সাদিও মানের গোলে রেডসদের সাবেক বস রাফায়েল বেনিতেজের বিপক্ষে লিভারপুলের জয় নিশ্চিত হয়। এই জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।
নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৩৫৯ ম্যাচ জিতে এই তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল ও চেলসি জিতেছে যথাক্রমে ৩১৮ ও ৩১১টি ম্যাচ। লিভারপুলের পরে ২৬১টি ম্যাচ জিতে পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার।
ইত্তেফাক/এএম
