জাফর ইকবালের উপর হামলায় রাবিতে প্রতিবাদের ঝড়

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৫:৩৯
সিলেট শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক ড. জাফর ইকবালের উপর হামলায় প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।  রবিবার বিভিন্ন সংগঠন এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও নিন্দা জানিয়েছে। এ সময় ড. জাফর ইকবালের উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হয়। 
 
দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সাধারণ সম্পাদক অন্তর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক, রাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু, দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, নাট্যকলা বিভাগের শিক্ষক সুখন সরকার, জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ। 
 
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় টেন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এ সময় বক্তব্য দেন। 
IMG0
একই দাবিতে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন লিনার্ক। এর আগে সকাল ১১টায় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে সিরিয়ায় গণহত্যা বন্ধ এবং জাফর ইকবালকে হামলাকারীর বিরুদ্ধে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাবির গণহত্যা ও আগ্রাসনবিরোধী  শিক্ষক-শিক্ষার্থীরা। 
 
ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এ নিন্দা জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাবি সাংবাদিক সমিতি (রাবিসাস), বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটসহ বিভিন্ন সংগঠন এ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি