পঞ্চম ম্যাচে আশরাফুলের দ্বিতীয় সেঞ্চুরি

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২১:০৭
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ফেব্রুয়ারিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। এই সেঞ্চুরির জন্য প্রিমিয়ার লিগে তাকে অপেক্ষা করতে হয়েছিল নয় বছর। সেই সেঞ্চুরির পর মাঝে আরও তিন ম্যাচ খেলেছেন ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর ঘরোয়া ক্রিকেটে ফেরা এই ব্যাটসম্যান। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ৮ রান। তবে আজ পঞ্চম ম্যাচে এসে তুলে নিলেন দ্বিতীয় সেঞ্চুরি। 
 
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ অগ্রণী ব্যাংকের বিপক্ষে কলাবাগান ক্রীড়াচক্রের ৫ উইকেটে জয়ে আশরাফুলের সঙ্গে রয়েছেন তাসামুলও। ওপেনিংয়ে নেমে তাসামুল করেন ১০৬ রান। আর আশরাফুল ১০২ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ১০ বাউন্ডারিতে ১৩৬ বলে ইনিংসটি সাজান তিনি।
 
আগে করে ৯ উইকেটে ২৫২ রান তুলেছিল অগ্রণী ব্যাংক। ওপেনার শাহরিয়ার নাফিস সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতেই ফিরেন সাজঘরে। জবাবে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কলাবাগান। 
 
ইত্তেফাক/কেআই