স্কটল্যান্ডের কাছে হারল আফগানিস্তান

আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২২:৩৮
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গেছে আফগানিস্তান। ডানহাতি ব্যাটসম্যান কালাম ম্যাকলিয়ডের অপরাজিত ১৫৬ রানের সুবাদে জিম্বাবুয়েতে শুরু হওয়া ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের উদ্বোধনী দিনে আফগানিস্তানকে ৭ উইকেটে হারালো স্কটল্যান্ড। 
 
বুলাওয়ের অ্যাথলেটিক ক্লাবে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা ভালো হয়নি তাদের। ৭১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে আফগানরা। তবে পঞ্চম উইকেটে ১৪৯ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরান। দুজনই হাফসেঞ্চুরির স্বাদ নেন। 
 
জাদরান ৬৭ রানে থামলেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন নবী। কিন্তু নাভার্স নাইনটিতে থেমে যান তিনি। ৭টি চার ও ৩টি ছক্কায় ৮২ বলে ৯২ রান করেন নবী। এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং দৃঢ়তার পরও ২ বল হাতে রেখে ২৫৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। স্কটল্যান্ডের ব্র্যাড হুইল ও রিচি বেরিংটন ৩টি করে উইকেট নেন।
 
২৫৬ রানের জবাবে শুরুতেই বিপদে পড়ে যায় স্কটল্যান্ড। ২১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। শুরুর ধাক্কা আমলে না নিয়ে আফগানিস্তানের বোলারদের সামনে বুক উঁচিয়ে লড়াই শুরু করেন ম্যাকলিয়ড ও বেরিংটন। তৃতীয় উইকেটে ২০৮ রান যোগ করে দলকে জয়ে কাছাকাছি নিয়ে যান তারা। বেরিংটন ৬৭ রানে থামলেও অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ম্যাকলিয়ড। তার ১৪৬ বলের ইনিংসে ২৩টি চার ও ১টি ছক্কা ছিলো। 
 
ইত্তেফাক/কেআই