রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এক নাট্যকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মইনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং অনুশীলন নাট্যদলের কর্মী। বর্তমানে আহতাবস্থায় তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মারধরকারীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, কলা অনুষদের যুগ্ম সাধারণ-সম্পাদক ঝলক। এছাড়া মারধরে জড়িত আরো ছাত্রলীগের তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় মমতাজ উদ্দিন কলাভবনের সামনে মইনুলসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় ঝলক ও কাননসহ ছাত্রলীগের পাঁচজন সেখানে এসে তাদেরকে উঠে যেতে বলেন। মইনুল উঠে যেতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঝলক ও কাননসহ ওই যুবকেরা মইনুলকে বেধড়ক মারধর করেন। এতে মইনুল মাথায় ও চোখে প্রচণ্ড আঘাত পায়। পরে মইনুলের বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন কানন ও ঝলক। তারা জানান, 'আমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে সেটা সেখানেই মীমাংসা হয়ে গেছে।'
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, 'মারধরের বিষয়টি শুনেছি। মইনুলের অবস্থা স্বাভাবিক হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
ইত্তেফাক/এসএস
