হাই ফাইভের বিশ্ব রেকর্ড!

আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১২:৩৮

 

উচ্ছ্বাস প্রকাশের জন্য অনেক সময় দুই জনে হাত তুলে হাতের তালু মিলিয়ে হাই-ফাইভ করে থাকে। তৎক্ষণাৎ পরস্পরের সাথে হাতের তালু মিলিয়ে হাই ফাইভ মানুষের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। খেলার মাঠে প্রায়ই খেলোয়াড়রা এই ধরনের হাই ফাইভ করে থাকেন। একে অপরের সাথে হাতের তালু মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশের এই রীতি ঠিক কবে থেকে চালু হয়েছে তা নিয়ে সুস্পষ্ট কোন তথ্য নেই।

 

তবে এবার এই হাই ফাইভ করেই গিনেস বুকে নাম লেখাতে চাইছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একদল হকি ভক্ত দর্শক। রেকর্ড বুকে নাম লেখানোর উদ্দেশ্যে মিডওয়েকি অডমিরালস হকি দলের পক্ষ থেকে গত অক্টোবরে তাদের ভক্তদের প্রতি আহবান জানানো হয়। তাদের এই আহবানে হাজারো ভক্ত সাড়া দিয়েছে। আর হাই ফাইভের রেকর্ড গড়ার এই কীর্তির স্বীকৃতি দিতে তারা গিনেস কর্তৃপক্ষকে অবহিত করেছে।

 

পরিকল্পনা অনুযায়ী ১০ মার্চ আমেরিকান হকি লিগের একটি খেলার আগে তারা দর্শকদের সাথে হাই ফাইভ করবেন। আর রেকর্ড গড়ার জন্য সেখানে থাকবেন ২৯৯ জন দর্শক। এর আগে এক মিনিটে ২৯০ বার হাই ফাইভ করে রেকর্ড গড়েছিলেন সান দিয়েগোর একদল মানুষ। সত্যি সত্যি যদি এক মিনিটে ২৯৯ জনের সাথে হাই ফাইভের রেকর্ড তৈরি হয় তাহলে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেবে গিনেস কর্তৃপক্ষ।-ইউপিআই

 

ইত্তেফাক/মোস্তাফিজ