চলতি বছরের জানুয়ারিতে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতে আবারো র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা ৩৬ বছর বয়সী রজার ফেদেরার। তবে এখনো ক্যারিয়ারে আরো অনেক কিছু প্রমাণের আছে বলে মনে করেন ফেদেরার, ‘২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়, ক্যারিয়ারে অনেক অর্জন। কিন্তু এখনো আরো অনেক কিছু অর্জনের বাকি আছে। আশা করি ভবিষ্যতে নিজের লক্ষ্যগুলো পূরণ করতে সমর্থ হবো।’
একসময় কোর্টের রাজা বলা হতো ফেদেরারকে। তবে ২০১২ সালের পরই সেই তকমা তার গা থেকে মুছে যায়। পারফরমেন্সে অনুজ্জ্বল ছিলেন বলেই নিজেকে হারাতে বসেছিলেন তিনি। ২০১২ সালের পর চার বছর বড় কোন শিরোপা জিততে পারেননি ফেদেরার। অবশেষে সেই খড়া কাটে ২০১৭ সালে। ওই বছরই অস্ট্রেলিয়ান ও উইম্বলডনের শিরোপা জয় করেন ফেদেরার।
এরপরই নিজেকে ফিরে পান ফেদেরার। চলতি বছরের শুরুতেই বাজিমাত করেন তিনি। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন ফেদেরার। তাতেই র্যাংকিং-এ শীর্ষে উঠে যান এই তারকা খেলোয়াড়। তবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয় করেও তৃপ্ত নন ফেদেরার। নিজেকে আরও প্রমাণ করতে মরিয়া ফেদেরার। তিনি বলেন, ‘শীর্ষে উঠতে পারাটা অনেক বেশি আনন্দের। এই বয়সে যে কোন অর্জনই অনেক বড় মনে হবে। তবে এই সময়ে দায়িত্বও অনেক বেড়ে যায়। তাই নিজেকে আরো প্রমাণ করতে হবে। সামনের দিনগুলো আমার জন্য চ্যালেঞ্জের।’
ইন্ডিয়ান ওয়েলেসের দ্বিতীয় রাউন্ড থেকে খেলবেন শীর্ষ বাছাই ফেদেরার। গ্র্যান্ড স্ল্যামের বাইরের টুর্নামেন্ট হলেও এখানেও সেরাটা অর্জনের জন্য উদগ্রীব তিনি, ‘আমি যেখানেই খেলি না কেনো, সেখানে প্রথম বা দ্বিতীয় ম্যাচে হারতে আসি না। শীর্ষ খেলোয়াড় হিসেবে সবসময়ই নিজের ওপর চাপ থাকে। তারপরও আমি সবসময়ই মনোযোগ ধরে রাখি এবং ভালো খেলার প্রত্যাশা করি। আমি অবশ্যই ভালো অবস্থায় আছি। তারপরও আমি অনুভব করি, আমার প্রমাণের এখনো অনেক বাকিÑ যেভাবে অতীতে করেছিলাম। ভবিষ্যতে আমি আরো বেশি সাফল্য প্রত্যাশা করছি।’
গেলো কয়েক সপ্তাহ আগে র্যাংকিং-এর শীর্ষে থাকার ৩০৬ সপ্তাহ পালন করেছেন ফেদেরার। ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে উঠতে পারলেই র্যাংকিং-এর শীর্ষস্থান নিজের দখলেই রাখতে পারবেন তিনি। তবে ইন্ডিয়ান্স ওয়েলসের শিরোপা নিয়েই বেশি ভাবছেন ফেদেরার। র্যাংকিং নিয়ে কোন চিন্তা নেই তার। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, নিজেকে আরো প্রমাণ করতে চাই। এখানে শিরোপা জয় করা আমার প্রধান লক্ষ্য। র্যাংকিং নিয়ে আমি চিন্তিত নই।’ আগামী ১১ মার্চ অবাছাই আর্জেন্টিনার ফেদিরিকো ডেলবোনিসের বিপক্ষে ইন্ডিয়ান ওয়েলসে নিজের মিশন শুরু করবেন ফেদেরার। বাসস।
ইত্তেফাক/ রেজা
