নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২১৫ রান। শনিবার সন্ধায় বৃষ্টির কারণে ১৫ বিলম্বে অনুষ্ঠিত টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তবে বৃষ্টিভেজা মাঠ থেকে বোলাররা কোনো সুবিধা আদায় করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রান করে শ্রীলঙ্কা।
বরং কুশল মেন্ডিস ও কুশল পেরেরা বাংলাদেশের বোলারদের শাসন করেছেন পরিপূর্ণভাবে। ৫৬ রান তোলার পর দানুসকা গুনাথিলাকা ও কুশল মেন্ডিসের মধ্যে ওপেনিং জুটি ভেঙেছিলেন মুস্তাফিজ। ১৯ বল থেকে তিনটি চার ও একটি ছক্কার মারে ২৬ রান করে বোল্ড হয়ে যান গুনাথিলাকা। এরপর মেন্ডিস-পেরেরার রাজত্ব শুরু। দ্বিতীয় উইকেটে এ দুজন ৮৫ রান যোগ করেন। চতুর্দশ ওভারের দ্বিতীয় বলে এ সময় মেন্ডিস আউট হন। মাহমুদউল্লাহর বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৩০ বল থেকে দুটি চার ও ৫টি ছক্কার মারে তিনি ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
দ্বিতীয় উইকেট পতনের স্বল্প সময়ের মধ্যে দাসুন সানাকা ও দিনেশ চান্দিমালকে ফিরিয়ে দিতে সক্ষম হন মাহমুদউল্লাহ ও তাসকিন। এতে শেষ দিকে রানের গতি কিছুটা স্লো হওয়ার আশা দেখা যাচ্ছিল। কিন্তু উপুল থারাঙ্গা ও কুশল পেরেরা পঞ্চম উইকেটে আবার দানবীয় মূর্তিতে যান। শেষ দিকে মুস্তাফিজ আরও দুটি উইকেট নিলেও লঙ্কানদের বড় স্কোর গড়তে সমস্যা হয়নি। ৪৮ বলে ৮টি চার ও দুটি ছক্কার মারে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন পেরেরা। আর উপুল থারাঙ্গা ১৫ বল থেকে চারটি চার ও একটি ছক্কার মারে ৩২ রান করে অপরাজিত থাকেন। মুস্তাফিজ তিনটি ও মাহমুদউল্লাহ দুটি এবং তাসকিন একটি করে উইকেট নেন।
এর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। অপরদিকে শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করেছে।
ইত্তেফাক/কেআই
