তিন ম্যাচ পরে জয়ের ধারায় আর্সেনাল

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১২:২৯
 
ওয়াটফোর্ডকে ৩-০ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পরে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। এর মাধ্যমে কোচ আর্সেন ওয়েঙ্গারকে কিছুটা হলেও স্বস্তি উপহার দিতে পেরেছে শিষ্যরা।
 
নিজের চাকরি বাঁচানো নিয়ে দারুণ চাপের মধ্যে থাকা ওয়েঙ্গারের জন্য অবশ্য বৃহস্পতিবার ইউরোপা লিগে এসি মিলানের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটা দারুণ গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে এবারের মৌসুমে একের পর এক ব্যর্থতার দায়ে চাপা পড়া অভিজ্ঞ এই ফ্রেঞ্চম্যানের জন্য কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরেছে। সান সিরোতে অবশ্য শেষ ১৬টি ম্যাচে জয়ের ধারা বজায় রাখার ধারাবাহিকতাও এখানে বাড়তি উদ্দীপনা হিসেবে কাজ করেছে। আর তারই রেশ ধরে এমিরেটস স্টেডিয়ামে পরপর তিনটি লিগ ম্যাচে ধরাশায়ী আর্সেনাল অবশেষে নিজেদের খুঁজে পেয়েছে।
 
ম্যাচের শুরুতেই শাখোড্রান মুস্তাফির গোলে এগিয়ে যাওয়া, এরপর পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় গানার্সরা। বিপরীতে ওয়াটফোর্ড অধিনায়ক ট্রয় ডিনের দ্বিতীয়ার্ধের পেনাল্টি আটকে দিয়ে দলকে আরো উজ্জীবিত করে তুলেন গোলরক্ষক পিটার চেচ। অথচ এই আর্সেনালের স্পিরিট নিয়ে মৌসুমের শুরুতে প্রশ্ন তুলেছিলেন ডিনে। ৭৭ মিনিটে হেনরিখ মাখিটারিয়ানের গোলে দলের জয় নিশ্চিত হয়। যদিও ম্যাচের শেষের দিকে মুস্তাফির ইনজুরির কারণে মাঠ ত্যাগ কিছুটা হলেও ওয়েঙ্গারকে ভাবিয়ে তুলেছে।
 
সব ধরনের প্রতিযোগিতায় গত ১৪টি ম্যাচের মধ্যে আটটিতেই পরাজিত আর্সেনাল এই জয় সত্তেও টেবিলের ষষ্ঠ স্থানেই রয়েছে। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যামের থেকে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৩।
 

ইত্তেফাক/এএম