বাঘের হাত থেকে রক্ষা পাওয়া সেই আলম চৌধুরী আর নেই

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৫:১৯
৬৯'র গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, পাঁচপীর ইউপি'র প্রথম চেয়ারম্যান ও পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
 
সফিকুল আলম চৌধুরী মৃত্যুকালে দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য অত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অপরাধে পাকসেনারা তাকে বাঘের খাঁচায় বন্দী করে রাখেন। বাঘগুলো তাকে খায়নি, এমনকি তাকে আঁচড়ও দেয়নি।
 
সফিকুল আলম চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবশেষে গত রবিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সন্ধ্যা ৭টার দিকে মারা যান।
 
আজ সোমবার বিকেলে মরহুমের নামাজে জানাজা শেষে উপজেলার পাঁচপীর গোয়াগ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সফিকুল আলম চৌধুরীর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পঞ্চগড়-২ সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌর মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি ও সাবেক চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম মন্টু, কেন্দ্রীয় বিএনপি'র সদস্য ও যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল-আমিন।
 
ইত্তেফাক/এসএস