জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও মর্যাদার সঙ্গে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে উদযাপিত হয়েছে। শনিবার এ উপলক্ষে চানসারি প্রাঙ্গন রঙ্গীন বেলুন ও অন্যান্য ঝলমলে সামগ্রী দিয়ে সাজানো হয়।
দিবসটি পালন উপলক্ষে দুপুরে চানসারিতে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
হাইকমিশনের সকল কর্মকর্তা- কর্মচারী ও তাদের পরিবার, প্রবাসী বাংলাদেশি এবং শিশুরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে হাইকমিশনার শিশুসহ সকলকে নিয়ে জন্মবার্ষিকীর কেক কাটেন। এরপর, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর জাতির পিতার রুহের মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে ফাতেহা পাঠ ও মুনাজাত করা হয়।
এর আগে সকালে জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশী শিশুরা হাইকমিশন কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ’ বিষয়ে রচনা লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া শিশুরা বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা ও ছড়া আবৃত্তি এবং দেশাত্ববোধক নৃত্য পরিবেশন করে।
ইত্তেফাক/ইউবি
