থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদামুনা তাসনিম বলেছেন, আমাদের শিশুদের ও যু্ব সমাজকে বঙ্গবন্ধুর সহানুভূতিশীল, প্রগতিশীল ও ধর্ম নিরপেক্ষ মূল্যবোধের শিক্ষার মাধ্যমে বৈষম্যমূলক চরমপন্থার বিরুদ্ধে দাঁড় করাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে একথা বলেন।
শিশুদেরকে অন্যায়, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মানুষকে প্রেরণা যোগানো বঙ্গবন্ধুর জীবনী শিক্ষা দিতে তিনি বাবা-মাদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর ভিশনারি নেতৃত্ব, সম্মোহনী বক্তব্য ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র সৃষ্টির চালিকাশক্তি ছিল।
এছাড়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন ও সাত মার্চের ভাষণ থাই ভাষায় অনুবাদের মতো গৃহীত পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন।
দিনব্যাপী অনুষ্ঠানে থাইল্যান্ডে বসবাসরত শিশুদের জন্য ছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের সনাতন খাবারও পরিবেশন করা হয়। এছাড়া দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ বার্তা পড়ে শুনানো হয়। পরে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/কেআই
