বাংলাদেশ দূতাবাস, এথেন্সে যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।
জাতির পিতার জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে এ বছর দূতাবাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ১৫ মার্চ এথেন্সের এলসস পার্কে দূতাবাস এবং এথেন্সের নিউ ফিলাডেলফিয়া সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বৃক্ষরোপণ কর্মসূচি।
কর্মসূচির উদ্বোধন করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এবং নিউ ফিলাডেলফিয়া সিটি কর্পোরেশনের মেয়র মি. আরিস ভাসিলোপুলোস। অনুষ্ঠানে নিউ ফিলাডেলফিয়া সিটি কর্পোরেশনে অবস্থিত স্কুলের প্রায় দেড় শতাধিক গ্রিক ছাত্র-ছাত্রী এবং এথেন্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শিশু কিশোর অংশ নেয়। এর পাশাপাশি শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজনে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। এ উপলক্ষে দূতাবাস চত্বর বর্ণাঢ্য ব্যানার, ফেস্টুন, বেলুন দিয়ে সজ্জিত করা হয়।
IMG0
১৭ মার্চ তারিখে জাতির পিতার জন্মদিনের কর্মসূচির শুরুতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, জেলা ও বিভাগভিত্তিক আঞ্চলিক সংগঠন, নারী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর দূতাবাসে আগত শিশু-কিশোর ও অতিথিদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটার পর জাতির পিতার জীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠের পর দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথের সঞ্চালনায় বঙ্গবন্ধুর গৌরবময় জীবন এবং জাতীয় শিশু দিবসের ওপর বিশেষ আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহৎ কর্মজীবন এবং জাতীয় শিশু দিবসের ওপর বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত জসীম উদ্দিন তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃপ্ত পদক্ষেপে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
IMG1
দিবসটি উপলক্ষে শিশু-কিশোর ও স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী শিশু-কিশোর ঈশিকা এবং মীম এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাস পরিবারের সদস্যরা এবং প্রবাসী শিশু-কিশোররা সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। এরপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত এবং তার সহধর্মিনী মিসেস শায়লা পারভীন।
ইত্তেফাক/ইউবি
