অবশেষে অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় পেসার মহম্মদ সামি। একইসঙ্গে রবিবার তিনি জানিয়ে দিলেন, আইনি পথেই তিনি মোকাবেলা করতে প্রস্তুত তাঁর বিরুদ্ধে আনা স্ত্রী হাসিন জাহানের যাবতীয় অভিযোগ।
দেওধর ট্রফি চলাকালীন শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন শামির স্ত্রী হাসিন জাহান। এরপরই তুঙ্গে ওঠে সামি-হাসিনের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। যে সময়ে টিভিতে সামিকে প্রতিক্রিয়া দিতে দেখা গেলেও অনুশীলনে দেখা যায়নি। অবশেষে রবিবার গাজিয়াবাদে কোনও এক অ্যাকাডেমির নেটে অনুশীলন করতে দেখা গেল এই ভারতীয় পেসারকে। নেটে দীর্ঘক্ষণ ব্যাট ও বল করেন সামি।
অনুশীলনের পর মিডিয়ার মুখোমুখি হয়ে সামি বলেন, ‘আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তার অর্ধেকই প্রমাণ করা যাবে না। দেখতে চাই হাসিন কতদূর যেতে পারে। আমি প্রথম সাত-আট দিন চেষ্টা করেছিলাম আলোচনার মাধ্যমে এই ঝামেলা মিটিয়ে নিতে। কিন্তু হাসিন প্রচারমাধ্যমের সামনে বলেছে, ও মিটমাট চায় না। তাই আমার কাছে আইনি পথে হাঁটা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা ছিল না।’
এর পরেই এ দিন মাঠে নেমে পড়ার কারণ হিসেবে সামি বলে যান, ‘এই সব অভিযোগ আমার ক্রিকেট-ক্যারিয়ার শেষ করার ও মানসিকভাবে বিপর্যস্ত করার একটা কৌশল। ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার সঙ্গে আমার কথা হয়েছে ইতোমধ্যেই। বোর্ডকে অনুরোধ করেছি তদন্তের কাজ দ্রুত শেষ করার জন্য। নির্দোষ প্রমাণিত হলে মাঠে নামতে পারব। এই বিতর্কের ফলে আমার ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, মাঠে নেমে পারফরম্যান্সে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্যই মাঠে নেমে পড়লাম।’
এদিকে রবিবার উত্তরপ্রদেশের আমরোহায় সামির গ্রামের বাড়িতে গিয়েছিল কলকাতা পুলিশের তদন্তকারী দল। কিন্তু সামিকে সেখানে না পেয়ে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেছেন তারা। এ প্রসঙ্গে সামি বলেন, ‘তদন্তের কাজে সব রকমের সহায়তা করতে রাজি আমি ও আমার পরিবার।’
ইত্তেফাক/কেআই
