ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরারকে পরাজিত করার পুরস্কার পেয়েছেন হুয়ান মার্টিন ডেল পোত্রো। শিরোপা জয়ের কারণে আর্জেন্টাইন এই তারকা এটিপি র্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।
২৯ বছর বয়সী ডেল পোত্রো ফাইনালে কঠিন লড়াইয়ের পরে ৬-৪, ৬-৭ (৮/১০), ৭-৬ (৭/২) গেমে ফেদেরারকে পরাজিত করে শিরোপা লাভ করেন। এর মাধ্যমে চলতি বছর প্রথম হারের স্বাদ পান ফেদেরার। অন্যদিকে ডেল পোত্রো তার জয়ের ধারা ১১ ম্যাচে উন্নীত করেন। এর মধ্যে রয়েছে মাসের শুরুতে আকাপুলকো শিরোপা।
তবে পরাজয়ের পরেও সুইস তারকা ফেদেরার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে থাকা রাফায়েল নাদালের থেকে অবশ্য ফেদেরারের রেটিং পয়েন্টের ব্যবধান খুব একটা বেশী নয়। পায়ের ইনজুরির কারণে ইন্ডিয়ান ওয়েলসে খেলা হয়নি নাদালের।
শীর্ষ ১০ এটিপি র্যাঙ্কিং:
১. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৯৬৬০ রেটিং পয়েন্ট
২. রাফায়েল নাদাল (স্পেন) ৯৩৭০
৩. মারিন সিলিচ (ক্রোয়েশিয়া) ৪৯০৫
৪. গ্রিগর দিমিত্রভ (বুলগেরিয়া) ৪৬০০
৫. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৪৫০৫
৬. হুয়ান মার্টিন ডেল পোত্রো (আর্জেন্টিনা) ৪১৫৫
৭. ডোমিনিক থেইম (অস্ট্রিয়া) ৩৬৭৫
৮. কেভিন এন্ডারসন (দক্ষিণ আফ্রিকা) ৩২৩৫
৯. ডেভিড গোভিন (বেলজিয়াম) ৩১৯০
১০. লুকাস পোওলি (ফ্রান্স) ২৪২০
ইত্তেফাক/এএম
