বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় খেলা শুরুতে বিলম্ব হতে দেখা যায়। মাঠে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন দর্শকদের উশৃঙ্খল আচরণের কারণে খেলা শুরুতে বিলম্বের নজির আছে। তবে যানজটের কারণে খেলা শুরুতে বিলম্ব, এমনটি সাধারণত দেখা যায় না। কিন্তু তেমন ঘটনাই ঘটল ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়াচক্র বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে। আজ বিকেএসপিতে এই ম্যাচটি ৯টার পরিবর্তে শুরু হয় সাড়ে ৯টায়।
ঢাকা থেকে বিকেএসপি যাওয়ার পথে সাভার রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (বিকেএসপি) কাছে ট্র্যাফিক জ্যামে আটকা পড়ে। সেই জ্যামে টিম বাস আটকা থাকা অবস্থায়ই প্রায় খেলা শুরুর সময় হয়ে যায়। পরে দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ অফিশিয়ালরা বাস থেকে নেমে রিক্সাসহ অন্য যানবাহনে বিকেএসপি যান। তবে খেলার প্রস্তুতি নিয়ে শুরু করতে বিলম্ব হয় আধঘণ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগানের কোচ জালাল আহমেদ চৌধুরী।
ইত্তেফাক/কেআই
