দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিলম্বিত যৌথ সামরিক মহড়ায় সময় এক মাস কমানো হচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বরফ গলার প্রেক্ষাপটে সিউল এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানান।
ওই মুখপাত্র এএফপি’কে বলেন, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমসের কারণে শুরু করতে বিলম্ব হওয়ায় ‘ফোয়াল ইগল’ নামের এ যৌথ সামরিক মহড়া এপ্রিল মাস ধরে অনুষ্ঠিত হবে। প্রত্যেক সামরিক বাহিনীর তাদের নিজস্ব কর্মসূচি থাকায় এটি করতে হচ্ছে।
গত বছর মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত দুই মাস ধরে এ সামরিক মহড়া চালানো হয়েছিল। গত মাসে দক্ষিণ কোরিয়ার পিয়ংচংয়ে শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ায় সাংঘর্ষিক অবস্থা এড়াতে এ বছরের সামরিক মহড়া বিলম্বিত করা হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু
