‘বিশ্বকাপের আগেই সেরে উঠবেন নেইমার’

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১০:৩০
 
ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডোর বিশ্বাস স্বদেশী নেইমার ২০১৮ বিশ্বকাপের আগেই ইনজুরি সারিয়ে এসে একটা ‘খুবই শক্তিশালী দলের’ নেতৃত্ব দেবেন।
 
রাশিয়ার আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে সেলেচাওরা খুবই আশাবাদী। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে কেবল একবারই পরাজিত হওয়া দলটি শীর্ষস্থান পেয়েই চূড়ান্ত পর্বে ওঠে। তারপরও অনেক কিছুই নির্ভর করছে ফেব্রুয়ারিতে পায়ের ইনজুরিতে পড়া পিএসজি ফরোয়ার্ড নেইমারের সেরে ওঠার উপর।
 
রোনাল্ডো বলেন, ‘বিশ্বকাপের জন্য আমাদের আছে একটা শক্তিশালী দল। নেইমারের ইনজুরি আমাদের জন্য বড় সমস্যা। তারপরও আমি মনেকরি সে দ্রুত সেরে উঠবে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে।’
 
আর্জেন্টিনাকে নিয়েও মত দেন তিনবারের ফিফা বর্ষ সেরা রোনাল্ডো। তার বিশ্বাস আর্জেন্টিনা বাছাইয়ে দুর্দশায় পড়লেও বিশ্বকাপের অন্যতম দাবিদার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনেকরি জার্মানি সবসময়েই শক্তিশালী দল। স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স ও মেসিকে নিয়ে আর্জেন্টিনাও শক্তিশালী দল। তবে বিশ্বকাপ জয় সবসময়েই কঠিন।’—সকারওয়ে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ