সবজির বাজার বাড়তি, কমেছে পেঁয়াজ

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৯:২৭
রাজধানীর বাজারে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। গত এক সপ্তাহের ব্যবধানে কোন কোন সবজি কেজিতে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। তবে পেঁয়াজের দাম কমতির দিকে।
 
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমে গেছে। এ সময়ে সবজির আবাদে কিছুটা হলেও ভাটা পড়ে। তাই দাম কিছুটা বেড়েছে।
 
শুক্রবার বাজারে প্রতি কেজি সিম ৩০ থেকে ৩৫ টাকা, টমেটো ২০ থেকে ২৫ টাকা, করল্লা ৫০ টাকা, আলু ১৬ থেকে ১৮ টাকা, মূলা ২০ থেকে ২৫ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৫৫ টাকা, শশা ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, লতি ৫০ থেকে ৫৫ টাকা, পটল ৪৫ থেকে ৫০ টাকা, বরবটি ৫৫ থেকে ৬০ টাকা, ঢেঁরস ৬০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকায় বিক্রি হয়। তবে বাজারে নতুন সবজি সজনের দাম কমেছে। গত সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে তা ১’শ টাকায় নেমে এসেছে। 
 
কাওরানবাজারের সবজি ব্যবসায়ী মিলন শেখ বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বাড়তি। তবে এটা সাময়িক। শিগগিরই গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়বে। তখন দাম কমে যাবে। 
 
দাম কমেছে পেঁয়াজের। কেজিতে ৫ টাকা কমে দেশী পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকায় দরে বিক্রি হয়। এছাড়া আদা ১০০ টাকা এবং রসুন মানভেদে ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
 
স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম। শুক্রবার বাজারে প্রতি কেজি রুই ২০০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ১৫০ টাকা, শিং ৪৫০ থেকে ৬০০ টাকা ও চিংড়ি ৪৫০ থেকে ৭০০ টাকা, কাতল ২২০ থেকে ৩০০ টাকা, পাঙ্গাস ১২০ থেকে ১৫০ টাকা, সিলভার কার্প ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৪৮০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা ও ব্রয়লার মুরগি ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হয়। 
 
ইত্তেফাক/এমআই