রেকর্ড গড়ে উইকেটের সেঞ্চুরি করলেন রশিদ খান

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৬:৪৭
ক্রিকেটের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। সবচেয়ে কম ম্যাচ খেলে আন্তর্জাতিক ওয়ানডেতে শততম উইকেট নেয়ার রেকর্ড লিখে নিলেন নিজের নামে। রবিবার বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে শাই হোপকে আউট করে নতুন এই মাইলফলক স্পর্শ করেন তিনি।  
 
সবচেয়ে কম ম্যাচ তো বটেই সবচেয়ে কম বয়সেও ওয়ানডে ক্রিকেটে উইকেটের শতক পূরণ করেছেন তিনি। মাত্র ৪৪ ম্যাচেই নিয়েছেন ১০০ উইকেট। ৫২ ম্যাচে ১০০ ছুঁয়ে আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। স্টার্ক পেছনে ফেলেছিলেন পাকিস্তানের সাকলায়েন মুশতাককে। সাবেক এই পাক অফস্পিনার ১০০ উইকেট নিয়েছিলে ৫৩ ম্যাচে। নিউজিল্যান্ডের শেন বন্ড নিয়েছিলেন ৫৪ ম্যাচে।
 
উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার দিনে রশিদ খানের বয়স ১৯ বছর ১৮৬ দিন। এর আগে এতো কম বয়সে এই মাইলফলক কেউ স্পর্শ করতে পারেননি। রশিদ ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। বাকি ৫০ উইকেট নিলেন ১৮ ম্যাচেই। 
 
২০১৫ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রশিদের। অভিষেক ম্যাচে এক উইকেট নেন তিনি। শুরুতে খুব একটা চমক দেখাতে না পারলেও দিনে দিনে বোলিংয়ে জাদু ছড়াচ্ছেন তিনি। ইতোমধ্যেই আলোড়ন ছড়িয়েছেন ক্রিকেট বিশ্বে। সীমিত ওভার ক্রিকেটে এখন তাকে সময়ের সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হয়। 
 
ইত্তেফাক/কেআই