ব্যাট বল দুটোতেই দাপট ধরে রেখেছে নিউজিল্যান্ড

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৭:৫১
ম্যাচের দ্বিতীয় দিন অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পর দিবারাত্রির অকল্যান্ড টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটসম্যান হেনরি নিকোলস। ফলে ৮ উইকেটে ৪২৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিলো ৫৮ রান। তাই প্রথম ইনিংসে ৩৬৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছে ইংলিশরা। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ২৩৭ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। 
 
টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ২০ দশমিক ৪ ওভারে ৫৮ রানেই গুটিয়ে যায় সফরকারী ইংল্যান্ড। নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী পেসার ট্রেন্ট বোল্ট ৬ ও জেমস এন্ডারসন ৪ উইকেট নেন। এরপর ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২২৯ রান করে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন ২৩ দশমিক ১ ওভার ও তৃতীয় দিন খেলা হয় মাত্র ১৭ বল। তবে চতুর্থ দিন ঠিকভাবেই হয়েছে ম্যাচ। তাই ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করে বড় স্কোরই গড়ে নিউজিল্যান্ড। 
 
৫২ রান নিয়ে খেলতে নেমে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন নিকোলস। শেষ পর্যন্ত ১৪৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার ২৬৮ বলের ইনিংসে ১৮টি চার ছিলো। এছাড়া বিজে ওয়াটলিং ৩১, কলিন ডি গ্র্যান্ডহোম ২৯ ও টিম সাউদি ২৫ রান করেন। ইংল্যান্ডের জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ৩টি করে উইকেট নেন। ৮ উইকেটে ৪২৭ রানে নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করার পর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। মাত্র ২ রান করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সেরা বোলার ট্রেন্ট বোল্টের শিকার হন অ্যালিস্টার কুক। 
 
দলীয় ৬ রানে কুককে হারানোর পর দলের হাল ধরেন আরেক ওপেনার মার্ক স্টোনম্যান ও অধিনায়ক জো রুট। দ্বিতীয় উইকেটে দু’জনে ৮৮ রান করেন। স্টোনম্যান ও রুটের জুটিতে ভাঙ্গন ধরান নিউজিল্যান্ডের নিল ওয়াগনার। ৫৫ রানে করা স্টোনম্যানকে বিদায় দেন ওয়াগনার। ওয়াগনারের মত হাফ-সেঞ্চুরি তুলেই ফিরে যান রুট। বোল্টের দ্বিতীয় শিকার হবার আগে ৫১ রান করেন তিনি। তার আউটের পরই দিনের খেলার ইতি টানেন অন-ফিল্ড আম্পায়াররা। তাই ৩ উইকেটে ১৩২ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। ১৯ রানে অপরাজিত আছেন ডেভিড মালান। নিউজিল্যান্ডের বোল্ট ২টি ও ওয়াগনার ১টি উইকেট নেন।
 
সংক্ষিপ্ত স্কোর :
 
ইংল্যান্ড : ৫৮/১০ ও ১৩২/৩, ৪৬.৫ ওভার (স্টোনম্যান ৫৫, রুট ৫১, বোল্ট ২/২৪)।
 
নিউজিল্যান্ড : ৪২৭/৮ডি, ১৪১ ওভার (নিকোলস ১৪৫*, উইলিয়ামসন ১০২, ব্রড ৩/৭৮)। 
 
ইত্তেফাক/কেআই