বাংলাদেশ দূতাবাস এথেন্সে গণহত্যা দিবস পালন

আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১১:৪০
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসের এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করেছে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
 
কর্মসূচির শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এবছর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। এরপর ৭১-এর বর্বর গণহত্যার উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। গণহত্যা দিবসের উপর বিশেষ আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিগণ ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে এই দিনকে গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
 
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন গণহত্যা দিবসে প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার মাধ্যমে ৩০ লাখ শহীদের ঋণ পরিশোধেরও অনুরোধ জানান।
 
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও জেলা ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এসএস