কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব’র আয়োজনে এবং ‘অনুসন্ধিৎসু চক্র’র সহযোগিতায় আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যাম্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আকাশ পর্যবেক্ষণের সুযোগ পান।
বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীরা এ ক্যাম্পে অংশ গ্রহণ করেন। বিজ্ঞান অনুষদের ছাদে টেলিস্কোপের সাহায্যে আকাশের বিভিন্ন নক্ষত্র এবং বিশেষ করে চাঁদকে পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, প্রকৌশল অনুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান মো: এনামুল হক, সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান, সায়েন্স ক্লাবের সভাপতি ওবায়দুল হক অবি, সাধারণ সম্পাদক হামিদ কাউসার জীবন, সহ-সভাপতি তাহরিমা তাহসিন লিমা, সাবেক সভাপতি মাসুদ পারভেস সবুজ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সায়েন্স ক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।
ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন বলেন, ‘এমন আয়োজন সত্যিই চমৎকার। বিজ্ঞান পিপাসু শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন হলে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা দিন দিন বাড়বে এবং নতুন আবিষ্কারেও অবদান রাখবে।’
ইত্তেফাক/এসএস
