ফিক্সিংয়ে প্ররোচনা, জিম্বাবুয়ের এক কর্মকর্তা ২০ বছর নিষিদ্ধ

আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৭:৪২
দুর্নীতিতে প্ররোচনার দায়ে জিম্বাবুয়ের এক অফিসিয়ালকে সব ধরনের ক্রিকেটে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছর অক্টোবরে জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে একটি আন্তর্জাতিক ম্যাচে ৩০ হাজার টাকার বিনিময়ে দুর্নীতিতে প্রলুব্ধ করেছিলেন তিনি। 
 
ক্রেমার আইসিসির কাছে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক রিপোর্ট করেন। এরপর থেকে বিষয়টি তদন্ত করছিল সংস্থাটি। সেই তদন্ত শেষে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত আসল। রাজান নায়ার নামের ওই অফিসিয়াল হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রেজারার। অভিযোগ স্বীকার করে নিয়েছেন নায়ার। গত ১৬ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। 
 
আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শার এ বিষয়ে বলেন, আমি তদন্তের এই ফল ও নিষেধাজ্ঞাকে স্বাগত জানাই। অপরাধের তীব্রতা বিবেচনা করেই দীর্ঘমেয়াদী এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এসেছে। গ্রায়েম ক্রেমারকে ধন্যবাদ জানাই, কারণ সে অত্যন্ত পেশদারিত্বের সঙ্গে এই প্রক্রিয়ায় যুক্ত ছিল।   
 
ইত্তেফাক/কেআই