ভারতের উন্মুখ চাঁদের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সে আবাহনী লিমিটেডকে ২৬ রানে হারালো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন চাঁদ। আগের ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ১২৭ রান করেছিলেন তিনি। এই জয়ে ১৩ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এলো শেখ জামাল। হারের পরও ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো আবাহনী।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আবাহনী। ব্যাটিং-এর শুরুটা ভালোই ছিলো শেখ জামালের দুই ওপেনার সৈকত আলী ও উন্মুখ চাঁদের। উদ্বোধনী জুটিতে ১১৪ বলে ৯০ রান যোগ করেন তারা। ৫৬ রান করে সৈকত ফিরে গেলেও, ১০১ রান করে ফিরেন চাঁদ। ৮টি চার ও ৩টি ছক্কায় ১৩৮ বল মোকাবেলা করে নিজের ইনিংস সাজান এই ভারতীয় ক্রিকেটার।
দুই ওপেনারের বড় ইনিংসের পর দলের অন্যান্য ব্যাটসম্যানরা বলার মতো স্কোর করতে পারেননি। তাই ভালো শুরু করেও ৫০ ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫৬ রানের সংগ্রহ পায় শেখ জামাল। আবাহনীর মাশরাফি বিন মর্তুজা ৪৬ রানে ৩ উইকেট নেন।
২৫৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৮৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারের পথ দেখে ফেলে আবাহনী। ওপেনার হিসেবে খেলতে নেমে ৭ রান করে ফিরেন মাশরাফি।
দ্রুত ৫ উইকেট হারানোয় শেষের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় সবক’টি উইকেট হারিয়ে ২৩০ রান পর্যন্ত যেতে পারে আবাহনী। দলের পক্ষে মেহেদি হাসান মিরাজ ৩৫, এনামুল হক ৩৪ ও তাসকিন আহমেদ ৩১ রান করেন। শেখ জামালের আবু জায়েদ ও রবিউল হক ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন শেখ জামালের চাঁদ।
ইত্তেফাক/কেআই
